Ridge Bangla

জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের জন্য কেন্দ্রসচিবদের প্রতি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা গ্রহণের প্রস্তুতি, প্রশ্নপত্রের ব্যবহার, আসন ব্যবস্থাসহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর সব কেন্দ্রের কেন্দ্রসচিবদের পাঠানো হয়েছে।

নির্দেশনায় জানানো হয়, জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর সব পরীক্ষার্থী অষ্টম শ্রেণির পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে পূর্ণ নম্বর ১০০ ও পূর্ণ সময় তিন ঘণ্টা এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০+৫০ নম্বর, ১ ঘণ্টা ৩০ মিনিট + ১ ঘণ্টা ৩০ মিনিট সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে।

নির্দেশনায় আরও বলা হয়, পরীক্ষা শুরুর সাত দিন আগে ট্রেজারিতে বা থানা লকারের ট্রাংকে রক্ষিত প্রশ্নপত্রের প্যাকেটের সঙ্গে প্রশ্নপত্রের বিবরণী তালিকা সঠিকভাবে যাচাই করতে হবে। প্রশ্নপত্রের দুটি সেট পরীক্ষার তারিখ অনুযায়ী সেটভিত্তিক আলাদা করে সিকিউরিটি খামে প্যাকেট করতে হবে। প্রশ্নপত্রের প্যাকেট যাচাইয়ের দিনে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তারিখভিত্তিক প্রশ্নপত্রের প্যাকেট সাজিয়ে সিকিউরিটি খামের গাম লাগিয়ে এবং কার্টুন টেপে যথাযথভাবে মুড়িয়ে নিতে হবে। সিকিউরিটি খামের ওপর পরীক্ষার তারিখ, বিষয় কোড ও সেট কোড অবশ্যই লিখতে হবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা কক্ষে প্রবেশ করাতে হবে। এ সময়ের পর কোনো পরীক্ষার্থী এলে কেন্দ্রসচিব বিশেষ বিবেচনায় রেজিস্ট্রার খাতায় রোল নম্বর ও অন্যান্য তথ্য লিপিবদ্ধ করে তাকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে পারবেন।

এছাড়া নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীর প্রবেশপত্রে কোনো ত্রুটি থাকলে তা প্রবেশপত্র নেওয়ার পাঁচ কর্মদিবসের মধ্যে শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট শাখা থেকে সংশোধন করতে হবে। পরীক্ষার্থীর হাজিরা শিটে উপস্থিতির স্বাক্ষর নিতে হবে এবং কোনো পরীক্ষার্থী অনুপস্থিত থাকলে নির্দিষ্ট তারিখ ও বিষয় লাল কালি দিয়ে অনুপস্থিত লিখে দিতে হবে। নির্ধারিত তারিখে পরীক্ষার সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।

নির্দেশনায় আরও জানানো হয়, উত্তরপত্রের প্যাকেট উপজেলা কমিটির কাছে বস্তায় সিলগালা করা অবস্থায় পৌঁছাতে হবে। পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র পরিবহনের কাজে পুলিশের সংশ্লিষ্টতা থাকতে হবে। বিষয় অনুযায়ী ৫০টি করে উত্তরপত্র করোগেটেড শিটে প্যাকেট করতে হবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্র সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্লাস বন্ধ রাখতে হবে এবং অনলাইনে তথ্য প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বোর্ডের অনুমোদিত ক্যালকুলেটর ব্যতীত অন্য কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

এছাড়াও জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর নীতিমালা যথাযথভাবে অনুসরণের জন্য অনুরোধ করা হয়েছে।

This post was viewed: 28

আরো পড়ুন