অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনির বন্ডি সমুদ্রসৈকতে ইহুদি ধর্মীয় উৎসব হানুক্কাহ চলাকালে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এলোপাতাড়ি গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৯ জন। নিহতদের মধ্যে একজন হামলাকারীও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সময় রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বন্ডি বিচের শিশু পার্কসংলগ্ন এলাকায় এ হামলা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসি জানায়, ঘটনার সময় শত শত মানুষ সৈকতে উপস্থিত ছিলেন। হঠাৎ দুই বন্দুকধারী বিভিন্ন দিক থেকে গুলি চালাতে শুরু করলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রাণ বাঁচাতে এদিক–ওদিক ছুটে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা অন্তত ৫০টি গুলির শব্দ শুনেছেন। স্থানীয় বাসিন্দা হ্যারি উইলসন বলেন, ‘চারদিকে শুধু আর্তচিৎকার আর রক্ত। আমি অন্তত ১০ জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছি।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক হামলাকারী সৈকতের লোকজনের দিকে বন্দুক তাক করে আছে, অন্যজন কাছের একটি ব্রিজের ওপর দাঁড়িয়ে গুলি চালাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলায় অন্তত তিন ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়।
নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, বন্ডি বিচে ইহুদি সম্প্রদায়ের আয়োজনে হানুক্কাহ উৎসব চলছিল এবং সেই অনুষ্ঠানকেই লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। ঘটনাস্থলে পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক হামলাকারী নিহত হয় এবং অপরজনকে আটক করা হয়েছে।
রাজ্যের প্রিমিয়ার ক্রিস মিন্স এক সংবাদ সম্মেলনে জানান, এটি সিডনির ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো সন্ত্রাসী হামলা। তিনি বলেন, ‘যে রাতটি শান্তি ও আনন্দের হওয়ার কথা ছিল, তা এক ভয়াবহ ট্র্যাজেডিতে পরিণত হয়েছে।’ হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দা ও শোক প্রকাশ করা হয়েছে।