Ridge Bangla

সুদানে ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন শান্তিরক্ষী। শনিবার (১৩ ডিসেম্বর) আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, সুদানের আবেই অঞ্চলে অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনআইএসএফএ) ঘাঁটিতে সন্ত্রাসীরা হামলা চালায়। হামলার পরপরই সেখানে তীব্র সংঘর্ষ শুরু হয়, যা এখনো চলমান রয়েছে। নিহতদের পাশাপাশি আহত আটজন শান্তিরক্ষীকে দ্রুত চিকিৎসা ও উদ্ধার কার্যক্রমের আওতায় আনা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে।

এদিকে, স্থানীয় হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সুদানের কোরদোফান এলাকায় জাতিসংঘের একটি স্থাপনায় হামলার ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। যদিও নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, এই হামলায় মোট ১৪ জন বাংলাদেশি শান্তিরক্ষী হতাহত হয়েছেন। পরিস্থিতি এখনো অস্থিতিশীল থাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সন্ত্রাসীদের প্রতিহত করতে যৌথভাবে কাজ করছে শান্তিরক্ষী বাহিনী।

This post was viewed: 34

আরো পড়ুন