Skip to main content

Ridge Bangla

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

আজ ১৪ ডিসেম্বর শহীদ – বুদ্ধিজীবী দিবস। জাতির ইতিহাসের এক বেদনাবিধুর ও শোকাবহ দিন। ১৯৭১ সালের এই দিনে পরাজয় নিশ্চিত জেনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর ও আলশামস বাহিনী পরিকল্পিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান- শিক্ষাবিদ, চিকিৎসক, লেখক, সাংবাদিক, প্রকৌশলীসহ দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবী নিধনের মাত্র দুই দিন পর ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

জাতিকে মেধাশূন্য ও নেতৃত্বশূন্য করার সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়। মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার প্রাক্কালে বেছে বেছে বুদ্ধিজীবীদের হত্যার ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক নির্মম অধ্যায় হয়ে আছে।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় কিছুক্ষণ নীরবতা পালন করা হয় এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে।

শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়েরবাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

This post was viewed: 55

আরো পড়ুন