Skip to main content

Ridge Bangla

পুলিশকে নির্বাচনের ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও সর্বোচ্চ সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি মনে করেন, এই নির্বাচন দেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার জন্য ‘শত বছরের ভিত্তি নির্মাণের’ এক বিশেষ সুযোগ।

বৃহস্পতিবার সকালে (৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান। সভায় তিনি পুলিশ বাহিনীর ওপর অর্পিত দায়িত্বকে “ঐতিহাসিক” আখ্যা দিয়ে বলেন, এটি এমন একটি দায়িত্ব, যা ভবিষ্যৎ প্রজন্মের পথ নির্ধারণ করবে।

প্রধান উপদেষ্টা বলেন, “ভূমিকম্প হলে আমরা বিল্ডিং কোড মানা হয়েছে কিনা তা খুঁজি। ঠিক তেমনি, এই নির্বাচন আমাদের সমাজের জন্য সেই বিল্ডিং কোড তৈরির সুযোগ। এমন একটি নীতিমালা তৈরি করতে হবে, যা যেকোনো ঝাঁকুনিতেও অটল থাকবে।” তিনি আরও বলেন, জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে কোন অবদান নিয়ে গর্ব করা যায় তার মধ্যে এই ‘বিল্ডিং কোড’ নির্মাণে অংশ নেওয়াই প্রথমে আসা উচিত। অধ্যাপক ইউনূস জানান, এবারের নির্বাচন সাধারণ পাঁচ বছরের ভোট নয়; জাতীয় নির্বাচনের পাশাপাশি একটি গণভোটও অনুষ্ঠিত হবে, যা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার ভাষায়, “গণভোটই সেই মূল বিল্ডিং কোড, যা আগামী একশ বছর জাতিকে পথ দেখাবে।”

This post was viewed: 59

আরো পড়ুন