বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জল্পনা তীব্র হয়েছে। এবার এ বিষয়ে নতুন তথ্য দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি না হলে এবং পরিস্থিতি অপরিবর্তিত থাকলে খুব শিগগিরই তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারেন। তিনি জানান, ‘চেয়ারপারসনের শারীরিক অবস্থা ও চিকিৎসকদের পর্যবেক্ষণের ওপরই তারেক রহমানের দেশে ফেরার সময় নির্ভর করছে। বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি হলে পরিবার সিদ্ধান্ত নেবে।’
এর আগে সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সদস্য সালাহউদ্দিন আহমেদও একই বক্তব্য দেন। তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিস্থিতি বিবেচনায় দ্রুত দেশে ফিরতে পারেন।
অন্যদিকে মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো আবেদন আসেনি। তিনি বলেন, ‘তিনি ট্রাভেল পাস চাইলে তা দ্রুত ইস্যু করা হবে। দেশে ফিরতে সরকার সব ধরনের সহযোগিতা করবে।’ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে তিনি জানান, দল ও পরিবার সিদ্ধান্ত নিলে সরকার সর্বোচ্চ সহযোগিতা দেবে।