রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে রকি (২৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১ ডিসেম্বর) গভীর রাতে বড়গ্রাম মাতব্বর বাজার এলাকার হারিকেন ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।
মাদারীপুর সদর উপজেলার দুধখালী গ্রামের রিকশাচালক আবু সাঈদের ছেলে রকি দীর্ঘদিন ধরে মামার বাড়ি কামরাঙ্গীরচরে থাকতেন এবং কেরানীগঞ্জের একটি মুদিদোকানে কাজ করতেন। রাত সাড়ে তিনটার দিকে স্থানীয়রা তাঁকে রাস্তায় গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন।
হাসপাতাল সূত্র জানায়, রকির দুই হাঁটুর পিছনে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল। ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঘটনাটি তদন্ত করছে কামরাঙ্গীরচর থানা। কে বা কারা এ হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি।
This post was viewed: 80