Skip to main content

Ridge Bangla

জাতীয় নির্বাচন সামনে রেখে আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠ প্রশাসনকে শক্তিশালী করতে আরও ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। পাঁচ দিন আগে প্রথম ধাপে ১৬৬ উপজেলায় ইউএনও নিয়োগের পর এবার দ্বিতীয় দফায় এই নতুন নিয়োগ দেওয়া হলো।

সোমবার (১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আটটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগ কার্যকর করা হয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, রংপুরে ১১ জন, খুলনায় ১২ জন, চট্টগ্রামে ৭ জন, সিলেট বিভাগে ৮ জন, বরিশালে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগের ৩ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগ পাওয়া ইউএনওদের তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতা দেওয়া হয়েছে। ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর সেকশন ১৪৪ অনুযায়ী এই ক্ষমতা প্রদান করা হয়, যা নির্বাচনের সময়ে শান্তিশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৪ ডিসেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে যোগদান করতে ব্যর্থ হলে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন। এছাড়া বদলি হওয়া কর্মকর্তাদের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, যাদের কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তিত হয়েছে, তারা নতুন কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দেবেন।

This post was viewed: 58

আরো পড়ুন