বাংলাদেশের জনগণ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি ব্যাপক আস্থা প্রকাশ করেছেন- ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) কর্তৃক দেশের বিভিন্ন অঞ্চলে পরিচালিত এক জরিপে এমন চিত্র এসেছে।
জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারীদের ৬৯ শতাংশ মনে করছেন, ড. ইউনূস ভালো কাজ করছেন। আর অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন ৭০ শতাংশ। এছাড়া ভোটগ্রহণের বিষয়ে জনগণের উৎসাহও চোখে পড়ার মতো। ৬৬ শতাংশ ভোটার জানিয়েছেন, তারা আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে খুবই আগ্রহী, আর ২৩ শতাংশ ‘কিছুটা আগ্রহী’। এছাড়া ৮০ শতাংশ ভোটার মনে করেন, নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য।
আইআরআই এশিয়া–প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক জোহান্না কাও বলেন, “ড. ইউনূসের নেতৃত্বে মানুষ অগ্রগতির সম্ভাবনা দেখছেন। জনগণের এই আস্থা স্থিতিশীলতা, জবাবদিহিতা এবং সংস্কারের প্রতি উচ্চ প্রত্যাশা প্রতিফলিত করছে। এই উৎসাহ–উদ্দীপনা প্রমাণ করে, সংস্কার প্রক্রিয়া ধরে রাখা এবং নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আইআরআই নিয়মিতভাবে বাংলাদেশে জনমত জরিপ পরিচালনা করে। সংস্থাটি নীতিমালা, রাজনীতি ও শাসনব্যবস্থা সম্পর্কিত জনগণের দৃষ্টিভঙ্গি বোঝার জন্য এসব জরিপ করে থাকে। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে আইআরআই দায়িত্বশীল ও ইস্যুভিত্তিক রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি করার উদ্যোগও নিয়েছে।