Skip to main content

Ridge Bangla

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে তার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স–এসএসএফ) নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এই ঘোষণা দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১’-এর ধারা ২(ক)-এর ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ভিআইপি হিসেবে ঘোষণা করছে সরকার। ঘোষণাটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।

সরকারি সংশ্লিষ্ট সূত্র জানায়, ভিআইপি মর্যাদা ঘোষণার ফলে খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা, চলাফেরা ও চিকিৎসাসহ যাবতীয় বিষয়েই বিশেষ নজরদারি ও সুরক্ষা নিশ্চিত করবে এসএসএফ। তার চারপাশে নিরাপত্তা বলয় জোরদার করা হবে এবং হাসপাতালসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।

This post was viewed: 56

আরো পড়ুন