Skip to main content

Ridge Bangla

জুরাইনে দুর্বৃত্তদের গুলিতে সিএনজি অটোরিকশা চালক নিহত

রাজধানীর জুরাইন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পাপ্পু শেখ (২৮) নামের এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুরাইন গ্যাস পাইপ এলাকার কনকর্ড স্কুলের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আদ–দ্বীন হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে রাত সোয়া ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পাপ্পু শরীয়তপুর জেলার রাজৈর উপজেলার মন্টু শেখের ছেলে। পরিবার নিয়ে তিনি জুরাইন মিষ্টির দোকান এলাকায় বসবাস করতেন। তাকে হাসপাতালে নিয়ে আসা খালাতো ভাই সম্রাট জানান, সন্ধ্যায় বাসা থেকে বের হন পাপ্পু। প্রায় ১০ মিনিট পর খবর আসে যে তাকে গুলি করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পাপ্পুকে মুমূর্ষু অবস্থায় দেখার পর দ্রুত ঢামেকে নেওয়া হয়।

সম্রাটের দাবি, স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী কানা জব্বারের ছেলে বাপ্পা (৩৫) ও কানচি নামের এক ব্যক্তিসহ কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

নিহতের বন্ধু মো. সানি জানান, কয়েকদিন আগে পাপ্পুর সঙ্গে বাপ্পার ভাতিজা হিমেলের ঝগড়া হয়েছিল। সেই বিরোধের জের ধরেই হয়তো এ হামলা হতে পারে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

This post was viewed: 73

আরো পড়ুন