Skip to main content

Ridge Bangla

শাহবাগে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে অগ্নিকাণ্ড

রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (পিজি হাসপাতাল) এ ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের দ্রুত প্রচেষ্টায় মাত্র ১৮ মিনিটের মধ্যে, অর্থাৎ ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগ ফুটওভার ব্রিজের পাশের হাসপাতাল ভবন থেকে হঠাৎ করে ধোঁয়া উঠতে দেখা যায়। এরপর দ্রুত ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালের এ ব্লকের তৃতীয় তলায় আগুন লাগে। তবে আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি।

এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হাসপাতালের চিকিৎসক ও রোগীরা আতঙ্কিত হয়ে সেখান থেকে বাইরে চলে আসেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। আগুন লাগার সূত্রপাত ও ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

This post was viewed: 72

আরো পড়ুন