Ridge Bangla

স্ত্রী রিয়ামনির মামলায় হিরো আলম গ্রেপ্তার

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর হাতিরঝিল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের বিষয়টি হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতের নির্দেশে তাকে আজ গ্রেপ্তার করা হয়। হিরো আলমের সঙ্গে মামলার আরেক আসামি আহসান হাবিব সেলিমের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনি সম্প্রতি মনোমালিন্যের মধ্যে জড়িয়ে পড়েন। হিরো আলম রিয়াকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। পরে বাদীর পরিবারের সঙ্গে মীমাংসা করার জন্য ২১ জুন হাতিরঝিল এলাকায় ডাকা হয়। সেখানে উপস্থিত হিরো আলমসহ ১০–১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের ওপর অকথ্য ভাষা ব্যবহার করেন।

পরবর্তীতে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে রিয়ার শরীরের বিভিন্ন অংশে মারধর করেন। হামলায় রিয়ার শরীরে জখমের ঘটনা ঘটে। একই সঙ্গে তার গলায় থাকা দেড় ভরি সোনার চেইন চুরি হয়। ঘটনার দুই দিন পর, ২৩ জুন রিয়া মনি হাতিরঝিল থানায় হিরো আলমকে আসামি করে হত্যা চেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলা দায়ের করেন। মামলার তদন্ত ও গ্রেপ্তার কার্যক্রম এখনও চলমান।

This post was viewed: 34

আরো পড়ুন