Skip to main content

Ridge Bangla

২ শতাধিক খাদ্যপণ্যের ওপর থেকে শুল্ক তুলে নিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জনগণের সমালোচনা ও ক্ষোভের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন কফি, গরুর মাংসসহ দুই শতাধিক খাদ্যপণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করেছে। এয়ারফোর্স ১-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, কিছু খাদ্যপণ্যের দাম বেড়ে গিয়েছিল, তাই দাম কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে তিনি যুক্তরাষ্ট্রে কোনো মূল্যস্ফীতি নেই বলে দাবি করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প গত এপ্রিলে বিশ্বের ১০০টিরও বেশি দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেন। ট্রাম্প একে “যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা” হিসেবে উল্লেখ করেছিলেন।

এই অতিরিক্ত শুল্কের কারণে মার্কিন বাজারে এশিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা খাদ্য ও কৃষিজ পণ্যের সরবরাহ কমে যায়, যার ফলে পণ্যের দাম ব্যাপকভাবে বেড়ে যায়।

যুক্তরাষ্ট্রের খাদ্যপণ্যের বাজার বিষয়ক সূচক কনজ্যুমার প্রাইস ইনডেক্সের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বরের তুলনায় ২০২৫ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে গরুর মাংসের কিমার দাম বেড়েছিল ১৩ শতাংশ এবং স্টেকের দাম বেড়েছিল ১৭ শতাংশ। এছাড়া কলার দাম বেড়েছিল ৭ শতাংশ। সামগ্রিকভাবে সব খাদ্যপণ্যের দাম বেড়েছিল ২ দশমিক ৭ শতাংশ।

যুক্তরাষ্ট্রের খাদ্যপণ্য ব্যবসায়ীদের জাতীয় সংস্থা ফুড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের সাধারণ ভোক্তা, আমদানিকারক, উদ্যোক্তা এবং খাদ্য সরবরাহ চেইনের সঙ্গে সংশ্লিষ্ট সবাই লাভবান হবে।

ভবিষ্যতে শুল্কনীতিতে আরও পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, আমার মনে হয় না আর কোনো পরিবর্তনের প্রয়োজন আছে। আমরা শুধু একটু পিছিয়ে এসেছি। কফির দাম বেশ খানিকটা বেড়ে গিয়েছিল, খুব শিগগিরই তা স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।

This post was viewed: 65

আরো পড়ুন