Ridge Bangla

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা

কক্সবাজারে ঘুরতে গিয়ে এক প্রেমিক ভিডিও কলে তার প্রেমিকার সামনে আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে ঘটা ওই ঘটনায় সিলেট এমসি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ফরহাদ হোসেন সৌরভের মরদেহ কলাতলী এলাকার একটি হোটেল কক্ষ থেকে উদ্ধার করা হয়।

সৌরভের বন্ধুরা জানায়, তারা পাঁচ বন্ধু একসঙ্গে সিলেট থেকে কক্সবাজারে বেড়াতে যান। দুপুরে হোটেলে ওঠার পর রাতে চারজন কেনাকাটা করতে বেরিয়ে গেলে সৌরভ কক্ষে একা ছিলেন। এসময় তার প্রেমিকা শিপুর সাথে ভিডিও কলে কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

বাগবিতণ্ডার মধ্যে ভিডিও কল চলাকালীন অবস্থাতেই সৌরভ আত্মহত্যা করেন। প্রেমিকা শিপুর কাছে থেকে খবর পেয়ে তার বন্ধুরা এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফরহাদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, গত কয়েক দিন ধরে সৌরভ ও শিপুর মধ্যকার সম্পর্কে টানাপড়েন চলছিল। কথাকাটাকাটির একপর্যায়ে হতাশ হয়ে সৌরভ আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনার সময় উপস্থিত না থাকলেও অনুসন্ধানের জন্য সৌরভের সঙ্গী চার বন্ধু পুলিশি হেফাজতে রয়েছেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

This post was viewed: 36

আরো পড়ুন