বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক দাবি করেছেন, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি; বরং তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নোয়াখালীর সেনবাগের ডুমুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ফারুক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন শেখ মুজিবকে স্বাধীনতা ঘোষণার আহ্বান জানিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন রাষ্ট্রবিরোধী মামলার মুখোমুখি হতে হবে, পাকিস্তান ভাঙা সম্ভব নয়। এ অবস্থায় স্বাধীনতা ঘোষণা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
তিনি অভিযোগ করেন, যাঁরা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, তারাই এখন আবার দেশে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত। ফারুক বলেন, মা-বোনদের বলা হচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত নসিব হবে- এটি প্রতারণা ছাড়া কিছু নয়।
জামায়াতে ইসলামীর উদ্দেশে তিনি বলেন, ইসলামের আশ্রয়ে নয়, জনপ্রিয়তার ভিত্তিতে প্রতিযোগিতা করতে আসুন। দেখুন, কত ভোট পান। তিনি আরও দাবি করেন, ভবিষ্যতে যদি জনগণের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হন, তবে দেশের এক কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।