Ridge Bangla

সংবিধানে “আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস” পুনর্বহালের অঙ্গীকার সালাহউদ্দিন আহমেদের

বিএনপি পুনরায় রাষ্ট্রক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনা এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে প্রথমবারের মতো ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ যুক্ত করেছিলেন, যা এখনো বহাল আছে। তবে তিনি যে ‘মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসের’ ধারা প্রস্তাবনা ও অনুচ্ছেদ আটে সংযোজন করেছিলেন, পরবর্তীতে তা বাতিল করা হয়েছে। তিনি শ্রোতাদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, আপনারা কি চান এ ধারা পুনর্বহাল হোক তারপরই ঘোষণা দেন, বিএনপি ক্ষমতায় গেলে তা পুনর্বহাল করা হবে।

বক্তৃতায় তিনি নবুওয়ত বিষয়েও স্পষ্ট অবস্থান তুলে ধরেন। সালাহউদ্দিন বলেন, আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি রাসুলুল্লাহ (সা.) শেষ নবী। তার পরে কেউ নবীর দাবি করলে সে মুসলমান হতে পারে না। খতমে নবুওয়ত সংক্রান্ত বিতর্কে তিনি ইসলামী আকিদা রক্ষায় দৃঢ় অবস্থান বজায় রাখার প্রতিশ্রুতি দেন।

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা নিয়ে মহাসম্মেলনে উত্থাপিত দাবির প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রক্ষমতা পেলে এসব বিষয়ে সংসদীয় আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, “আল্লাহ আমাদের যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, তাহলে জনগণের সব বৈধ দাবি বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করবো।” সমাবেশে দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

This post was viewed: 36

আরো পড়ুন