রাজধানীসহ দেশের সব মহানগরে শনিবার (১৫ নভেম্বর) থেকে নতুন লৌহ রঙের পোশাকে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশের সদস্যরা। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), অন্যান্য মহানগর পুলিশ এবং বিশেষায়িত ইউনিটগুলোতে এই নতুন পোশাকের ব্যবহার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তবে জেলা ও রেঞ্জ পর্যায়ের পুলিশ সদস্যরা এখনও নতুন পোশাক পাননি; পর্যায়ক্রমে তাঁদের কাছেও বিতরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
বৈষম্যবিরোধী আন্দোলনে দমন-পীড়নের অভিযোগ ওঠার পর পুলিশ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি জোরালো হয়। এরই প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার নতুন রঙ ও নকশার পুলিশ ইউনিফর্ম অনুমোদন করে। নতুন পোশাক পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ ও নৌ পুলিশ সদস্যরাও ব্যবহার করবেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, আজ থেকে মহানগর পর্যায়ে নতুন পোশাক পরিধান শুরু হলো। খুব শিগগিরই জেলা পর্যায়ে এর বাস্তবায়ন হবে। পুলিশ সদর দপ্তরের এআইজি এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, জেলা ও রেঞ্জ পর্যায়ের পুলিশও ধাপে ধাপে নতুন ইউনিফর্মে অন্তর্ভুক্ত হবে। তবে এপিবিএন ও এসপিবিএন সদস্যরা পূর্বের পোশাক ব্যবহার অব্যাহত রাখবেন। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, পুলিশ, র্যাব ও আনসারের জন্য নতুন পোশাক নির্ধারণ করা হয়েছে এবং তা ধীরে ধীরে বাস্তবায়ন হবে।