Ridge Bangla

নির্বাচন সামনে রেখে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিস্তৃত নিরাপত্তা কাঠামো ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, নির্বাচনের আগে-পরে মোট ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পটুয়াখালী সার্কিট হাউসের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচনের আগে পাঁচ দিন, নির্বাচনের দিন এবং পরে তিন দিন কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে। দেশের পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে এই সময়সীমা সমন্বয় করা হবে বলেও জানান তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বর্তমানে ৩০ হাজার সেনা মাঠে থাকলেও নির্বাচনের সময় এ সংখ্যা বাড়িয়ে এক লাখ করা হবে। পাশাপাশি প্রায় ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজার বিজিবি, ৫ হাজার নৌবাহিনী সদস্য, ৪ হাজার কোস্টগার্ড, ৮ হাজার র‍্যাব এবং প্রায় সাড়ে ৫ লাখ আনসার নির্বাচন ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই। খুবই শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার পতন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে সরকারের পতন তিন-চার জনের কারণে হয়নি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এ পরিবর্তন ঘটিয়েছে। আপনারা দেখেছেন কীভাবে তারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদের আত্মীয়-স্বজনও পালিয়েছে। এটি ব্যক্তিগত কারণে নয়, হয়েছে জনগণের ইচ্ছায়।

This post was viewed: 41

আরো পড়ুন