Ridge Bangla

নভেম্বরেও ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণের আশঙ্কা, বেড়েই চলেছে মৃত্যুর মিছিল

দেশে ডেঙ্গুর প্রকোপ কমার কোনো লক্ষণ নেই। বর্ষা শেষ হলেও শীতের আগে সংক্রমণ কমে যাওয়ার যে প্রবণতা সাধারণত দেখা যায়, তার ব্যত্যয় ঘটেছে গত বছর এবং পুনরাবৃত্তি দেখা যাচ্ছে এবারও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি নভেম্বরের প্রথম দুই সপ্তাহেই হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজারের বেশি রোগী; মারা গেছেন ৪৮ জন। এ হার অব্যাহত থাকলে এ মাসেই ডেঙ্গু রোগী ৩০ হাজার ছাড়াতে পারে এবং মৃত্যুও শতাধিক পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

গত আগস্টে সারা দেশে ডেঙ্গুতে ভর্তি হন ১০ হাজার ৪৯৬ জন এবং মারা যান ৩৯ জন। সেপ্টেম্বরে ভর্তি বেড়ে দাঁড়ায় ১৫ হাজার ৮৬৬; মৃত্যু হয় ৭৬ জনের। অক্টোবরে পরিস্থিতি আরও অবনতি হয়ে ২২ হাজার ৫২০ রোগী হাসপাতালে ভর্তি এবং ৮০ জনের মৃত্যু রেকর্ড হয়। নভেম্বরের প্রথম দুই সপ্তাহেই ১৩ হাজার ২০৪ রোগী ভর্তি হয়েছেন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে মৌসুমি বৃষ্টিপাতের ধারা বদলে গেছে, দীর্ঘ হয়েছে এডিস মশার প্রজননকাল। এর সঙ্গে যুক্ত হয়েছে মশক নিধন কার্যক্রমের দুর্বলতা, আগাম প্রস্তুতির ঘাটতি এবং জনসচেতনতার অভাব। ফলে ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, সারা বছরব্যাপী ছড়িয়ে পড়া একটি জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে।

আইইডিসিআরের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেন, শুধুমাত্র স্প্রে ও ধোঁয়া দিয়ে এডিস নিয়ন্ত্রণ সম্ভব নয়; প্রয়োজন কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ। নাগরিকদের সচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। শুক্রবারের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, আগের ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ভর্তি ৮৩ হাজার ৬৬ জন এবং মৃত্যু সংখ্যা ৩২৬।

This post was viewed: 41

আরো পড়ুন