বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) একটি প্রতিনিধিদল। দুই সদস্যের এ দলটির নেতৃত্ব দেন সংস্থাটির হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লুরি।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে নিকোলাস ফ্লুরি রোহিঙ্গা শিবিরে আইন-শৃঙ্খলা রক্ষা ও মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন। তিনি পুলিশের প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা এবং রেড ক্রসের চলমান মানবিক উদ্যোগ সম্পর্কে আলোচনা করেন।
প্রতিনিধিদল দুর্যোগ ও দুর্ঘটনাকালে রেড ক্রস স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন।
আইজিপি বাহারুল আলম বাংলাদেশ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে রেড ক্রসের সঙ্গে কাজের আগ্রহের কথা জানান।