Ridge Bangla

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিএমপির জরুরি সংবাদ সম্মেলন

রাজধানী ঢাকায় গত কয়েক দিন ধরে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনায় শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নাগরিকদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। এই প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, আজ বিকেল পৌনে চারটায় ডিএমপি কমিশনার ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন করবেন।

আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এখন পর্যন্ত এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, তা স্পষ্টভাবে জানাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে, পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যেই নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে সোমবার গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় তিনটি বাস ও একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই রাতে বাংলামোটর এলাকায় ককটেল বিস্ফোরণের পর পালানোর সময় দুজনকে স্থানীয়রা ধরে গণপিটুনি দেয় বলে জানা যায়। এসব ঘটনার পর থেকে রাজধানীর সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

This post was viewed: 28

আরো পড়ুন