Ridge Bangla

১৩ নভেম্বর ১২ দলের সঙ্গে ইসির সংলাপ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে দিনব্যাপী এই সংলাপ, যেখানে নির্বাচনের প্রস্তুতি ও সুষ্ঠু আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, সংলাপে অংশ নিতে সংশ্লিষ্ট দলগুলোকে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।

ইসির প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি সেশনে ছয়টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। অর্থাৎ একদিনে দুটি সেশনে ১২টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। সকালে প্রথম সেশন এবং বিকেলে দ্বিতীয় সেশন অনুষ্ঠিত হবে।

প্রথম সেশনে অংশ নেবে—লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

দ্বিতীয় সেশনে আমন্ত্রণ পেয়েছে—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, সংলাপের ধারাবাহিকতায় পরে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গেও আলাদা সেশন হবে। এর আগে ইসি শিক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছে।

This post was viewed: 33

আরো পড়ুন