বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র (৮৯) শারীরিক অবস্থা নিয়ে গতকাল সোমবার রাত থেকে ছড়িয়ে পড়া মৃত্যুর গুঞ্জন নাকচ করেছেন তার মেয়ে, অভিনেত্রী এশা দেওল।
মঙ্গলবার (১১ নভেম্বর) ইনস্টাগ্রামে এক বিবৃতিতে এশা দেওল জানান, “গত কয়েক দিন ধরে বাবার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে পড়েছে। তার স্বাস্থ্য এখন স্থিতিশীল। সবাইকে অনুরোধ করছি, আমাদের পরিবারের গোপনীয়তা সম্মান করুন এবং বাবার দ্রুত আরোগ্য কামনা করুন।”
এক সপ্তাহ আগে শ্বাসকষ্টের সমস্যায় ধর্মেন্দ্রকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
ধর্মেন্দ্র ১৯৩৫ সালের ৮ ডিসেম্বর পাঞ্জাবের নসরালি গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি আগ্রহ ছিল। ১৯ বছর বয়সে পরিবারের দায়বদ্ধতার কারণে ভারতীয় রেলের কেরানি পদে চাকরি নেন। প্রথম বিয়ে হয় প্রকাশ কৌরের সঙ্গে। পরে চাকরি ছেড়ে মুম্বাই পাড়ি জমান।
১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ‘শোলে’, ‘ধরমবীর’, ‘ফুল অউর পাথর’, ‘সত্যকাম’, ‘রাখওয়ালা’সহ অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। ধর্মেন্দ্রকে ভারতীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি হিসেবে মনে করা হয়।