Skip to main content

Ridge Bangla

ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানো যাবে না, সন্ত্রাসই আওয়ামী লীগের নেশা: প্রেস সচিব

আগামী ফেব্রুয়ারির প্রথম ভাগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, দেশি বা বিদেশি কোনো শক্তিই তা বানচাল করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন দেশে জ্বালাও-পোড়াও চালিয়ে প্রমাণ করছে, সন্ত্রাসই তাদের নেশা। যতই চেষ্টা করুক, ফেব্রুয়ারির নির্বাচন বন্ধ করা যাবে না।

প্রেস সচিব আরও বলেন, ১৩ নভেম্বর সামনে রেখে আওয়ামী লীগ নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সতর্ক রয়েছে। এখন পর্যন্ত সাতটি বাসে আগুন দেওয়া হয়েছে। আমরা সন্দেহ করছি, এসব ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরাই জড়িত। ডেমরায় একজনকে হাতেনাতে ধরা হয়েছে, তাঁর বাড়ি গোপালগঞ্জে।

তিনি আরও উল্লেখ করেন, ময়মনসিংহে একজন বাসচালককে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়েছে। এসব ঘটনায় আওয়ামী লীগের চরিত্রই প্রকাশ পাচ্ছে কেন তাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেটাই তারা নিজেরাই প্রমাণ করছে।

রাজনৈতিক মতভেদ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, পলিটিক্যাল পার্টির মধ্যে মতপার্থক্য থাকবেই। ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় সবাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অংশ নিয়েছে। বিএনপি ইতিমধ্যে ২৩৭ আসনে প্রার্থী দিয়েছে, জামায়াতও তাদের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন।

This post was viewed: 37

আরো পড়ুন