সিনেটে ব্যয় বিল পাস হওয়ার পর যুক্তরাষ্ট্রে ইতিহাসের দীর্ঘতম সরকারি অচলাবস্থা শেষ করতে বাজেট ইস্যু প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) উত্থাপিত হচ্ছে। এই সপ্তাহের মধ্যেই হাউসে বিলটি ভোটে ওঠার কথা রয়েছে।
সোমবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত পাওয়া তথ্যে জানা যায়, হাউসে রিপাবলিকানদের আসনসংখ্যা বেশি এবং তারা ঐক্যবদ্ধ থাকলে বাজেট বিল পাসে ডেমোক্র্যাটদের সমর্থন প্রয়োজন হবে না। তবে রিপাবলিকানদের মধ্যে অভ্যন্তরীণ মতবিরোধ থাকায় ভোটে ব্যর্থ হওয়ার ঝুঁকি রয়েছে। যে সংখ্যাগরিষ্ঠতার ব্যবধান রয়েছে সেটাও অত্যন্ত সামান্য।
বাজেট বিল আটকে যাওয়ার মূল কারণগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বাস্থ্যসেবা ভর্তুকির বিষয়টি। ডেমোক্র্যাটরা চান, ব্যয় বিলের সঙ্গে এমন একটি প্রস্তাব যুক্ত করতে যাতে স্বাস্থ্যবীমার খরচ কমাতে সহায়তা করা করছাড় (ট্যাক্স ক্রেডিট) নবায়ন করা হয়। এতে উপকার হবে প্রায় ২ কোটি ৪০ লাখ মার্কিন নাগরিকের। কিন্তু রিপাবলিকান সিনেটররা এতে রাজি নন। তারা শুধু ডেমোক্র্যাটদের ডিসেম্বর মাসে একটি ভোটের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
হাউস স্পিকার মাইক জনসন সোমবার জানান, স্বাস্থ্যসেবা সংক্রান্ত করছাড় নিয়ে হাউসে আলাদা ভোট দিতে রাজি কিনা সে বিষয়ে তিনি কোনো প্রতিশ্রুতি দিতে প্রস্তুত নন। ফলে এখন সবার নজর হাউসের দিকে। বাজেট বিলটি পাস হলে তা যাবে প্রেসিডেন্টের টেবিলে স্বাক্ষরের জন্য। ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও অচলাবস্থার মুখে পড়তে পারে।