Skip to main content

Ridge Bangla

১৩ নভেম্বর নিয়ে আতঙ্কের কিছু নেই: ডিএমপি কমিশনার

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতার আশঙ্কা প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, রাজধানীতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, আতঙ্কের কোনো কারণ নেই। মঙ্গলবার (১১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দু-একটি মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে, তবে এতে ভয় পাওয়ার কিছু নেই। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের কাজ চলছে।”

ডিএমপি কমিশনার বলেন, “ঢাকাবাসী আমাদের সঙ্গে আছে। কোনো অঘটন ঘটলে তা মোকাবিলার যথেষ্ট সক্ষমতা আমাদের রয়েছে।” তিনি আরও জানান, বর্তমানে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত। এপ্রিল-মে মাসে ছিনতাই ও চাপাতি হামলার যেসব ঘটনা ঘটত, এখন তা অনেক কমেছে। মোহাম্মদপুরসহ বেশ কিছু এলাকায় পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, বলেন তিনি।

সাম্প্রতিক আন্দোলন-বিক্ষোভে পুলিশের আচরণ প্রসঙ্গে কমিশনার বলেন, আমরা সবসময় সংযম দেখিয়েছি। কোনো মারণাস্ত্র বা লাঠি ব্যবহার ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। ডিএমপির নীতি হলো, কোনো নাগরিকের গায়ে হাত তোলা যাবে না। মানুষ যদি দাবি নিয়ে আসে, আমরা আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে সমাধান চাই।

নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা সম্প্রতি এমন কয়েকজনকে গ্রেফতার করেছি যারা নিষিদ্ধ সংগঠনের পদধারী। গত সপ্তাহে শেরেবাংলা নগর এলাকাতেও অভিযান চালানো হয়েছে।”

সিসিটিভি স্থাপন প্রসঙ্গে তিনি নাগরিকদের আহ্বান জানিয়ে বলেন, গুলশানের মতো অন্যান্য এলাকাতেও যদি সমিতি উদ্যোগে ক্যামেরা স্থাপন করা হয়, তাহলে নিরাপত্তা আরও শক্তিশালী হবে। হাইকোর্ট এলাকায় নিরাপত্তা প্রসঙ্গে কমিশনার জানান, বিচারপ্রার্থীদের কোনো বাধা দেওয়া হবে না; তবে নির্ধারিত দিনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

This post was viewed: 52

আরো পড়ুন