Ridge Bangla

পুলিশ, র‍্যাব ও আনসারের নতুন ইউনিফর্ম চূড়ান্ত

সরকার বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসারের নতুন ইউনিফর্মের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। অর্থ বিভাগের বাজেট পাওয়ার পরই নতুন পোশাক বিতরণ কার্যক্রম শুরু হবে। পুলিশের জন্য নতুন ইউনিফর্মের সংখ্যা আগের তুলনায় বাড়ানো হবে।

নতুন ইউনিফর্ম অনুযায়ী, পুলিশ সদস্যদের পোশাক হবে লোহার (আয়রন) রঙের, র‍্যাবের পোশাক জলপাই (অলিভ) রঙের এবং আনসারের পোশাক সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের। প্রথম ধাপে মেট্রোপলিটন পুলিশের সদস্যরা নতুন ইউনিফর্ম পাবেন। এরপর সারাদেশের জেলা পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যদের জন্য পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন পোশাক বিতরণের পরিকল্পনা করছে। পুলিশ সদস্যদের বছরে চারটির পরিবর্তে এবার পাঁচটি ইউনিফর্ম দেওয়া হবে।

সূত্র জানায়, তিন বাহিনীর নতুন পোশাকের জন্য আনুমানিক ব্যয় হবে ৬ থেকে ৭ কোটি টাকা। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, শুধুমাত্র পোশাক পরিবর্তন কর্মক্ষমতা বাড়াবে না। পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ সংস্কার ও মনোভাব পরিবর্তন করা আরও জরুরি। পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ নুরুল হুদা বলেন, “পোশাক পরিবর্তন করে কার্যকলাপ পরিবর্তন করা যায় না। পুলিশের দক্ষতা উন্নয়নে সংস্কার প্রয়োজন।”

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার পুলিশ বাহিনী সংস্কার ও নতুন ইউনিফর্মের উদ্যোগ গ্রহণ করে।

This post was viewed: 38

আরো পড়ুন