Ridge Bangla

টাঙ্গাইলে সিএনজির পেছনে মাইক্রোবাস ধাক্কা, সিলিন্ডার বিস্ফোরণে যাত্রীর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে এক মর্মান্তিক দুর্ঘটনায় সিএনজির পেছনে ধাক্কার ফলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। এতে এক যাত্রী আগুনে পুড়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-ভুঞাপুর সড়কের কালিহাতী উপজেলার নগরবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, এলেঙ্গা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি ভূঞাপুরের দিকে যাচ্ছিল। কালিহাতী উপজেলার নগরবাড়ি এলাকায় পৌঁছালে এক মাইক্রোবাস সিএনজির পেছনে ধাক্কা দেয়। এতে সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। সিএনজি চালক শান্ত বাইরে বের হতে সক্ষম হলেও ভেতরে থাকা একজন যাত্রী আগুনে পুড়ে মারা যান। আহত চালক শান্তকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুঞাপুর ফায়ার সার্ভিসের লিডার মো. স্বপন আলী জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, “সিএনজি সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মাইক্রোবাসের ধাক্কার পর সিলিন্ডারের বিস্ফোরণ ঘটেছে।”

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় আহত সিএনজি চালককে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। পুলিশ দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করছে।

This post was viewed: 31

আরো পড়ুন