Ridge Bangla

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারের দ্বারপ্রান্তে তাইজুল ইসলাম

দেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব আল হাসান। বাংলাদেশের হয়ে ৭১ টেস্টে তার উইকেট সংখ্যা ২৪৬। এবার এই রেকর্ড ভাঙার অপেক্ষায় আছেন বাংলাদেশের আরেক স্পিনার তাইজুল ইসলাম।

চলতি আয়ারল্যান্ড সিরিজের প্রথম টেস্ট মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামছে বাংলাদেশ। এই টেস্টে আইরিশদের বিপক্ষে মাত্র ৯ উইকেট পেলেই সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলবেন তাইজুল ইসলাম। বর্তমানে তার উইকেটসংখ্যা ২৩৭, যা তিনি ৫৫ টেস্টে শিকার করেছেন।

পেশাদার ক্রিকেট থেকে অবসরের আগে রাজনীতিতে অংশ নিয়ে বিতর্কে জড়িয়ে এক বছর হলো জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। বর্তমানে সাকিব দলে না থাকায় তাইজুলের সামনে এই রেকর্ড গড়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। সাকিবকে ছাড়িয়ে যেতে তাইজুলের প্রয়োজন আরও ১০টি উইকেট।

ক্যারিয়ারের শুরুতে সাকিব আল হাসানের ছায়ায় ছিলেন তাইজুল ইসলাম। এবার সেই সাকিবকেই ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পথে আছেন তিনি। ইতোমধ্যে তাইজুল বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন এবং দেশের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন।

৫৪ টেস্টে ২০৫ উইকেট নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ। পরের দুটি অবস্থান দখল করেছেন মোহাম্মদ রফিক (১০০) এবং মাশরাফি বিন মর্তুজা (৭৮)।

This post was viewed: 48

আরো পড়ুন