Ridge Bangla

ভারতে লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, তিন সীমান্তে সতর্কতা জারি

ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার পাশে ভয়াবহ বিস্ফোরণে ১৩ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। ঘটনাটির পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত সরকার।

প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পর সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তে নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি উত্তর প্রদেশ-নেপাল সীমান্ত এবং সেনা চৌকিগুলোতেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে, ঘটনাটির তদন্তে নেমেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এবং দিল্লি পুলিশ। তদন্তকারীরা সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখছেন বলে জানানো হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে পার্ক করা একটি হুন্দাই আই২০ গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ধরে যায় আশপাশের কয়েকটি গাড়িতে, যা পুরো এলাকা কাঁপিয়ে দেয়। বিস্ফোরণের পর রাস্তায় ছিন্নভিন্ন মরদেহ ছড়িয়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল। দিল্লির উপপ্রধান অগ্নিনির্বাপক কর্মকর্তা এ কে মালিক বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে।

বিস্ফোরণের পর লাল কেল্লা ও আশপাশের পুরো এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনস্থলে এই বিস্ফোরণে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

This post was viewed: 43

আরো পড়ুন