জনপ্রিয় ও প্রবীণ কন্নড় অভিনেতা হরিশ রাই মারা গেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।
জানা গেছে, দীর্ঘদিন ধরে থাইরয়েড ক্যান্সারে ভুগছিলেন হরিশ রাই। মৃত্যুর সময় তিনি বেঙ্গালুরুর কিডওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ক্যান্সার তার পেট ও উদর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, ফলে তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। হরিশ রাই কন্নড় সিনেমার একজন শক্তিশালী অভিনেতা হিসেবে সুপরিচিত ছিলেন। তার অভিনীত চরিত্রগুলো দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। বিশেষ করে ‘ওম’ সিনেমার ডন রাই চরিত্র এবং ‘কেজিএফ’ সিরিজের চাচা চরিত্রের জন্য তিনি ব্যাপক প্রশংসা পান।
অভিনেতা স্ত্রী ও দুই পুত্রকে রেখে গেছেন। তার মৃত্যুতে কর্নাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার শোক প্রকাশ করে বলেন, কন্নড় সিনেমার প্রখ্যাত খলনায়ক হরিশ রাইয়ের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তার মৃত্যু চলচ্চিত্র অঙ্গনকে এক অসীম শূন্যতায় ফেলে দিয়েছে। তিনি ‘ওম’, ‘হ্যালো ইয়ামা’, ‘কেজিএফ’ ও ‘কেজিএফ ২’-এ অনবদ্য অভিনয় করেছেন। তার আত্মার শান্তি কামনা করি।
এর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে হরিশ রাই চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়েছিলেন। সেখানে তিনি জানান, একটি ইনজেকশনের দাম প্রায় সাড়ে তিন লাখ রুপি এবং পুরো চিকিৎসার ব্যয় প্রায় ৭০ লাখ রুপি। ভিডিওতে তিনি ‘কেজিএফ’ তারকা যশকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, যশ আমাকে আগেও সাহায্য করেছে। আমি তাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু জানি সে সাহায্যের হাত বাড়াত।
হরিশ রাই কন্নড়ের পাশাপাশি তামিল ও তেলুগু সিনেমাতেও অভিনয় করেছেন। উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ওম’, ‘সামারা’, ‘জোড়িহাক্কি’, ‘রাজ বাহাদুর’, ‘সঞ্জু ওয়েডস গীতা’, ‘বেঙ্গালুরু আন্ডারওয়ার্ল্ড’, ‘স্বয়ম্বরা’, ‘নাল্লা’ এবং ‘কেজিএফ’ সিরিজ।