তামিলনাড়ুর করুরে রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় দীর্ঘ নীরবতার পর মুখ খুলেছেন তামিল সুপারস্টার বিজয়। এক মাসেরও বেশি সময় পর বুধবার (৫ নভেম্বর) তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর সাধারণ কাউন্সিল সভায় বক্তব্য দেন থালাপতি হিসেবে পরিচিত এই তারকা।
বক্তব্যে বিজয় অভিযোগ করেন, ওই মর্মান্তিক ঘটনার পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন ও ক্ষমতাসীন ডিএমকে দল ‘মানবিকতাহীন রাজনৈতিক খেলা’ চালাচ্ছে এবং মিথ্যা প্রচার করছে। তিনি বলেন, আমাদের পরিবারের সদস্যদের হারানোর শোকে আমি এতদিন গভীর দুঃখে ছিলাম। সেই যন্ত্রণা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই সময়ে নিজেদের মানুষের অনুভূতির পাশে দাঁড়ানোই আমার কর্তব্য ছিল। কিন্তু আমার নীরবতাকে সুযোগ হিসেবে নিয়ে অর্থহীন গুজব ও বিদ্বেষপূর্ণ রাজনৈতিক প্রচারণা চালানো হয়েছে। আইন ও সত্যের শক্তিতে এগুলো ভেঙে পড়বে।
বিজয় আরও উল্লেখ করেন, টিভিকে-এর বিভিন্ন জেলায় সভাস্থলের অনুমতি পেতে বারবার বাধার মুখে পড়তে হয়েছে। তিনি বলেন, আমরা বড় জায়গা চাইলেও ছোট স্থানে অনুমতি দেওয়া হয়েছে, যেখানে মানুষকে ঠাসাঠাসি করে দাঁড়াতে হয়েছে। প্রকৃতি ও ঈশ্বর যখন আমাদের সঙ্গে থাকেন, আর আমাদের মানুষ পাশে থাকেন, তখন আমাদের থামানোর শক্তি কারও নেই। এই বাধাগুলো সাময়িক, আমরা এগুলো ভেঙে এগিয়ে যাবো। আমাদের যাত্রা থামবে না।