বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। বিএনপির ওপর রাজনৈতিক দমন, নেতাদের হত্যার চেষ্টাসহ নানা প্রতিহিংসামূলক কর্মকাণ্ড চালানো হলেও জনগণ দলের পাশে থাকার কারণে সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে নরসিংদীর কাউরিয়াপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার শেষে কাউরিয়াপাড়া ঈদগাহ থেকে র্যালি শুরু হয়ে নরসিংদী রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়।
খোকন বলেন, খুনি শেখ হাসিনার সরকার বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করেছে। তারেক রহমান ও খালেদা জিয়াকে হত্যা করার চেষ্টাও হয়েছে। তবে জনগণ আমাদের পাশে থাকার কারণে তারা সফল হতে পারেনি।
তিনি আরও অভিযোগ করেন, শুধু বিএনপি নেতৃস্থানীয় হওয়ায় আমাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। শতাধিক মামলা দেওয়া হয়েছে। ১৬ বছরে আড়াই বছরের বেশি সময় জেল খাটতে হয়েছে। নেতাকর্মীরা হামলার ভয়ে ঘরে থাকতে পারেনি। তবু আমরা দল ছাড়িনি। জীবন বাজি রেখে তরুণ ছাত্র সমাজসহ সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতায় শেখ হাসিনার পতন ঘটিয়ে স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হয়েছে।
খোকন সভায় জোর দিয়ে বলেন, বিএনপি জনগণের সত্যিকারের প্রতিনিধি এবং দেশের মুক্তি ও গণতন্ত্র রক্ষার প্রতীক। বিএনপি নেতারা এখনও দেশের মানুষকে স্বাধিকার ও ন্যায়ের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও সেই অঙ্গীকার অব্যাহত থাকবে। এই বক্তৃতার মাধ্যমে জেলা বিএনপি নেতারা দলের ঐক্য এবং গণতান্ত্রিক চেতনার প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।