Skip to main content

Ridge Bangla

রূপপুরে পদ্মা তীরে পরিত্যক্ত কাঠের স্তূপে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট

পাবনার ঈশ্বরদীতে রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকার পদ্মা নদীর তীরে রাখা পরিত্যক্ত কাঠের স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টা ৩২ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়।

রূপপুর গ্রিনসিটি মডার্ন ফায়ার স্টেশনের মাত্র ৩০০ গজ দূরত্বে ঘটনার স্থল হওয়ায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ঈশ্বরদীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আরও সাতটি ইউনিট যোগ দেয়। মোট আটটি ইউনিটের প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় দুপুর ১টা ১৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার সময় প্রকল্পের পশ্চিম পাশে পদ্মা নদীর তীরে বিপুল পরিমাণ পরিত্যক্ত কাঠ রাখা ছিল। হঠাৎ ধোঁয়া দেখা দিলে প্রকল্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সুরক্ষিত রাখে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। প্রকল্প এলাকার বিদ্যুৎ অবকাঠামোও অক্ষত রয়েছে।

তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পদ্মার তীরে রাখা কাঠের স্তূপে প্রাকৃতিক তাপ ও শুকনো আবহাওয়ার কারণে স্বাভাবিকভাবে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়ে থাকতে পারে।

This post was viewed: 50

আরো পড়ুন