Ridge Bangla

সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো গড়তে চায় বিএনপি: আমীর খসরু

সবার অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পাশাপাশি, গণতান্ত্রিক ভিত্তির ওপর অর্থনৈতিক পুনর্গঠন করে দেশের প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য বলে জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ‘ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ’ আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকের মূল বিষয় ছিল বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ পুনঃকল্পনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে রচিত বই ‘পলিটিক্স অ্যান্ড পলিসিস’-এর বিশ্লেষণ।

আমীর খসরু বলেন, বিএনপি এমন এক রাষ্ট্রীয় কাঠামো প্রতিষ্ঠা করতে চায় যেখানে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ থাকবে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হবে। আমরা এমন এক অর্থনৈতিক নীতি গ্রহণ করতে চাই যা বিনিয়োগ বাড়াবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং দেশকে স্বনির্ভর অর্থনীতির পথে নিয়ে যাবে।

তিনি আরও বলেন, তারেক রহমান আজকের রাজনীতিতে আলোকবর্তিকা হিসেবে কাজ করছেন। তাঁর নেতৃত্বেই বাংলাদেশের মানুষ মুক্তি ও ক্ষমতায়নের পথে এগিয়ে যাবে।

বিদেশি হস্তক্ষেপ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ বিএনপি বরদাস্ত করবে না। জনগণের ভোটাধিকার ও অংশগ্রহণের ভিত্তিতেই এই দেশ পরিচালিত হবে।

This post was viewed: 39

আরো পড়ুন