Skip to main content

Ridge Bangla

শুক্রবার টানা ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ঢাকা-গাজীপুরের বিস্তীর্ণ এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে শনিবার (৮ নভেম্বর) সকাল পর্যন্ত টানা ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ঢাকা ও গাজীপুরের বেশ কিছু এলাকায়। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত সব শ্রেণির (গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্প) গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় রান্নাবান্না ও শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম বিঘ্নিত হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়—গাজীপুরের কড্ডা, কোনাবাড়ী, জরুন, সুরাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর ও শ্রীপুর। এছাড়া ঢাকার উপকণ্ঠে নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া, জিরাবো ও আশপাশের এলাকাও এই রক্ষণাবেক্ষণ কার্যক্রমের আওতায় থাকবে।

তিতাস গ্যাস জানিয়েছে, পাইপলাইনে চাপ-সংক্রান্ত ত্রুটি এবং নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতেই এই কাজ হাতে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, গ্রাহকের নিরাপত্তা নিশ্চিত ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ বজায় রাখতে নিয়মিতভাবে এই ধরনের রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয়।

This post was viewed: 60

আরো পড়ুন