আগামী ১১ নভেম্বরের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও গণভোটের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার (৬ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সেদিন বিকেলে যুগপৎ আন্দোলনরত আটটি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান শেষে সংবাদ ব্রিফিং করেন জামায়াত নেতা। তিনি বলেন, “আজ বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বৈঠক চলছিল। প্রধান উপদেষ্টার নির্দেশে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান আমাদের সঙ্গে দেখা করেন। তার সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে। আমাদের সব দাবি-দাওয়া এবং যৌথ অবস্থান তুলে ধরা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা ১১ নভেম্বর পর্যন্ত সময় দিচ্ছি। এর মধ্যে যদি সরকার আমাদের পাঁচ দফা দাবির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত না নেয়, তাহলে রাজধানী ঢাকাসহ সারা দেশে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। তখন ঢাকার চিত্র ভিন্ন হবে।”
এর আগে জামায়াতসহ যুগপৎ আন্দোলনে থাকা আটটি দল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে শাপলা চত্বর থেকে মিছিল নিয়ে যমুনা ভবনে গিয়ে স্মারকলিপি জমা দেয়।
দলগুলোর পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ, নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি প্রবর্তন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং ফ্যাসিবাদবিরোধী ন্যায়বিচার প্রতিষ্ঠা।