Skip to main content

Ridge Bangla

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সিপাহি-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের দিন

আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার ঐতিহাসিক অভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে এক মোড় পরিবর্তনের সূচনা করেছিল। এদিনের ঘটনাপ্রবাহে মুক্তি পান মেজর জেনারেল জিয়াউর রহমান, যিনি পরবর্তীতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দিকনির্দেশনা দেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর এবং ৩ নভেম্বর কারাগারে জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় সেনাবাহিনীতে উত্তেজনা সৃষ্টি হয়। ৬ নভেম্বর সেনাবাহিনীর তৎকালীন উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ নিজেকে সেনাপ্রধান ঘোষণা করে রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদকে গ্রেপ্তার করেন এবং প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে রাষ্ট্রপতির দায়িত্ব দেন। তিনি সেনাপ্রধান জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টে গৃহবন্দি করে রাখেন।

এরপর ৭ নভেম্বর ভোরে সেনাবাহিনীর সাধারণ সিপাহিরা ও সাধারণ জনগণ একত্রিত হয়ে পাল্টা আন্দোলনে নামে। এই সিপাহি-জনতার বিপ্লবে মুক্তি পান জিয়াউর রহমান। সংঘর্ষে খালেদ মোশাররফসহ কয়েকজন সেনা কর্মকর্তা নিহত হন। এর মাধ্যমে রাজনীতিতে জন্ম নেয় এক নতুন অধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ৭ নভেম্বরের এই বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নতুন মাত্রা পায় এবং জিয়াউর রহমানের নেতৃত্বে শুরু হয় বহুদলীয় গণতন্ত্রের যাত্রা।

বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দিনটিকে তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে। বিএনপি সরকারের সময় এ দিনটি ছিল সরকারি ছুটি। তবে দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে থাকায় দিবসটি তেমনভাবে উদযাপন করতে পারেনি দলটি।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি এবারও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করছে। ৫ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ঘোষণা করা হয়েছে নয় দিনের কর্মসূচি। আজ সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে দলটি। বিকেল ৩টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের হবে বর্ণাঢ্য র‌্যালি। জেলা ও উপজেলা পর্যায়েও র‌্যালির আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।” বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনায় আজও ঐক্যবদ্ধভাবে দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে।”

This post was viewed: 71

আরো পড়ুন