Skip to main content

Ridge Bangla

গণতন্ত্রকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, দেশে গণতন্ত্রকে আবারও ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। শুক্রবার (৭ নভেম্বর) মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।

ফখরুল বলেন, “গণঅভ্যুত্থানের পরে আজ বাংলাদেশে বিভিন্নভাবে চেষ্টা ও ষড়যন্ত্র চলছে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য। সেই মুহূর্তে ৭ নভেম্বর আমাদের পথপ্রদর্শক, যা আমাদের গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে। জনগণের ভোট ও বিচার ব্যবস্থার অধিকার নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি তুলে ধরে বলেন, “সেই দিনে দেশের দেশপ্রেমিক সৈনিক ও নাগরিকরা আধিপত্যবাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে গৃহবন্দি থেকে উদ্ধার করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন। তিনি একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা ফেরত আনার পাশাপাশি সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন। মুক্তবাজার অর্থনীতি চালু করে দেশের উন্নয়নের ভিত্তি স্থাপন করেন।”

এ দিনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতারা মাজারে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়াও মহানগর বিএনপি, মুক্তিযোদ্ধা দল, মহিলা দল, যুবদল ও অন্যান্য অঙ্গসংগঠনসমূহও পৃথকভাবে শ্রদ্ধা জানায়।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকাসহ সারা দেশে বিএনপির র‌্যালি অনুষ্ঠিত হবে। রাজধানীতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিকেল ৩টায় শুরু হয়ে র‌্যালিটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার, বাংলামটর হয়ে সোনারগাঁও হোটেল মোড়ে শেষ হবে।

This post was viewed: 51

আরো পড়ুন