Skip to main content

Ridge Bangla

শহীদ জিয়া বাংলাদেশের অগ্রগতির মূল ভিত্তি স্থাপন করেছিলেন: মির্জা ফখরুল

মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, তিনি বাংলাদেশের অগ্রগতির মূল ভিত্তি স্থাপন করেছিলেন।

বিএনপি মহাসচিব রাজধানীর শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা ও ফাতিহা পাঠ শেষে গণমাধ্যমকে বলেন, “বাংলাদেশকে একটি সমৃদ্ধ, সুখী ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য শহীদ জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন, তা পরবর্তীতে দেশের অগ্রগতির পথকে সুদৃঢ় করেছে।”

ফখরুল আরও বলেন, “আজ আমরা গার্মেন্টস বা আরএমজি খাত থেকে যে অর্থ আয় করি, পাশাপাশি দেশের শ্রমিক ভাইয়েরা যে রেমিট্যান্স পাঠান, তার ভিত্তিও গড়ে দিয়েছেন শহীদ জিয়া। এই ক্ষণজন্মা পুরুষ বাংলাদেশের অগ্রগতির মূলভিত্তি রচনা করেছেন।”

তিনি উল্লেখ করেন, ৭ নভেম্বর শুধু বিএনপির নয়, এটি বাংলাদেশের স্বাধীনচেতা মানুষ এবং গণতন্ত্রকামী জনগণের জন্যও একটি গুরুত্বপূর্ণ দিন।

মির্জা ফখরুল বলেন, “আজকের সময়ে, যখন গণ-অভ্যুত্থানের পর বিভিন্ন ষড়যন্ত্র চলছে এবং গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা চলছে, সেই প্রেক্ষাপটে ৭ নভেম্বর আমাদেরকে সেই পথে অনুপ্রাণিত করে, যেখানে আমরা সত্যিকার অর্থে বাংলাদেশকে গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারবো। জনগণের ভোটাধিকার, বিচারপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাব।”

This post was viewed: 55

আরো পড়ুন