Skip to main content

Ridge Bangla

যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো স্মারকলিপি জমা দিয়েছেন যমুনায়

জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদল বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্মারকলিপি জমা দিতে যমুনায় গেছে। জামায়াতে ইসলামী এবং অন্যান্য সাত দল মিলিয়ে নয় সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রাজধানীর শাপলা চত্বর থেকে মিছিল শুরু করে।

বেলা ১১টার পর শাপলা চত্বর থেকে মিছিলের মাধ্যমে পুরানা পল্টনে দলগুলোর নেতাকর্মীরা সমবেত হন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে দুপুর সাড়ে ১২টার দিকে মৎস্য ভবন মোড় থেকে মিছিল যমুনার উদ্দেশ্যে রওনা হয়। প্রতিনিধিদলে ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকনসহ অন্যান্য দলের শীর্ষ নেতৃত্বের প্রতিনিধি।

দলগুলোর পাঁচ দফা দাবি হলো—
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং নভেম্বরের মধ্যে তার ওপর গণভোট আয়োজন।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা।
৪. ‘ফ্যাসিস্ট’ সরকারের সব জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার করা।
৫. ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

This post was viewed: 54

আরো পড়ুন