Skip to main content

Ridge Bangla

আফগানিস্তানে হামলা চালালো পাকিস্তান, সীমান্ত উত্তেজনা বিরাজ করছে

আবারও আফগানিস্তানের ভূখণ্ডে গোলাবর্ষণ করেছে পাকিস্তান। বৃহস্পতিবার দেশটির সীমান্তবর্তী অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে কাবুল প্রশাসন। আফগান সামরিক বাহিনীর একজন কর্মকর্তা ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আফগান সামরিক সূত্র জানায়, পাকিস্তান হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে বেসামরিক এলাকাগুলোতে গোলা নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে টানা গোলাবর্ষণ চালায় পাকিস্তানি সেনারা। পরিচয় প্রকাশে অনিচ্ছুক আফগান সেনা কর্মকর্তা বলেন, ইস্তাম্বুলে চলমান শান্তি আলোচনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখনও পাল্টা আঘাত করিনি। তবে এ বিষয়ে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত মাসেও দুই দেশের সীমান্তে সংঘর্ষ হয়, যাতে জাতিসংঘের হিসাবে ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারান। নিহতদের মধ্যে প্রায় ৫০ জনই ছিলেন আফগান বেসামরিক নাগরিক। বিশ্লেষকদের মতে, এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানের সবচেয়ে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষগুলোর একটি।

২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই দুই দেশের সম্পর্ক ক্রমশ অবনতির দিকে। সীমান্তপারের সন্ত্রাসবাদ, নিরাপত্তা উদ্বেগ ও সীমান্ত নিয়ন্ত্রণ ইস্যুতে দুই দেশের মধ্যে অবিশ্বাস ও উত্তেজনা ক্রমেই বাড়ছে।

কাবুলের অভিযোগ, পাকিস্তান সীমান্ত অজুহাতে নিয়মিত আফগান ভূখণ্ডে হামলা চালায়। অন্যদিকে ইসলামাবাদ দাবি করে, আফগানিস্তান থেকে উগ্রপন্থীরা পাকিস্তানে হামলা চালাচ্ছে, যা তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

This post was viewed: 48

আরো পড়ুন