শীতের আগমনী বার্তা দেওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীর সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়ে ভোক্তাদের সবজির স্বস্তি ম্লান হয়ে যাচ্ছে।
শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সরবরাহ সংকটের অজুহাতে দেশের বাজারে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৪৭ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। বাজার বিশ্লেষকরা বলছেন, সরবরাহে তেমন ঘাটতি না থাকলেও কিছু চক্র বাজারে অস্থিরতা তৈরি করছে। তারা সরকারের কাছে দ্রুত বাজার তদারকির আহ্বান জানিয়েছেন।
রাজধানীর অন্যান্য সবজির দাম সামান্য কমে এসেছে। পটল প্রতি কেজি ৬০ টাকা, মুলা ৫০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, আলু ৩০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, বরবটি ৮০ টাকা এবং নতুন শালগম ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন ৮০ টাকা, করলা ও ঢেঁড়স ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, ফুলকপি ৫০ টাকা, শসা ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, টমেটো ১২০ টাকা, কঁচু ৬০ টাকা এবং শিম ৮০ টাকা।
মুরগির বাজারেও সামান্য পরিবর্তন দেখা গেছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৬০ থেকে ১৭০ টাকা, সোনালি মুরগি ২৬০ থেকে ৩০০ টাকা এবং ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারের বিক্রেতারা আশা করছেন, শীতের শুরুতে সবজির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হবে এবং দাম আরও কমে আসবে। তবে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে না আসা ভোক্তাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।