Ridge Bangla

বিচারপতি খুরশীদ আলম সরকারকে অপসারণ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। বুধবার (৫ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের পুনর্বহালকৃত অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬)-এর বিধান অনুযায়ী রাষ্ট্রপতি এই সিদ্ধান্ত নিয়েছেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তে বিচারপতি খুরশীদ আলম সরকার তার পদে থেকে দায়িত্ব পালনে অযোগ্য বলে প্রমাণিত হওয়ায় তাকে অপসারণ করা হয়েছে।

আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, “সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদনে দেখা গেছে, বিচারপতি খুরশীদ আলম সরকার অসদাচরণ ও দায়িত্বে অবহেলার কারণে বিচারকের নৈতিক ও সাংবিধানিক মানদণ্ডে আর উপযুক্ত নন। সেই প্রেক্ষিতে রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৬(৬) অনুযায়ী তাকে বিচারপতির পদ থেকে অপসারণ করেছেন।”

এর আগে গত ২৭ আগস্ট বিচারপতি খুরশীদ আলম সরকারকে অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে ছুটিতে পাঠানো হয় এবং তাকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সামনে তলব করা হয়। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ওই কাউন্সিল বিচারপতির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়।

সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো বিচারকের বিরুদ্ধে অসদাচরণ বা অক্ষমতার প্রমাণ পাওয়া গেলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি তাকে অপসারণ করতে পারেন।

আইন মন্ত্রণালয় জানিয়েছে, অপসারণের প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গেই বিচারপতি খুরশীদ আলম সরকারের পদ শূন্য হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত নিয়োগের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত শিগগির জানানো হবে।

This post was viewed: 40

আরো পড়ুন