দুপুরের মধ্যে দেশের ছয় জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৫ নভেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত নদীবন্দরের জন্য দেওয়া বিশেষ আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে নৌযান ও ছোট ট্রলারগুলোকে সাবধানতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে সর্বশেষ সারাদেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দক্ষিণ-পূর্বাঞ্চলে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় কিছু স্থানে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।