Ridge Bangla

জুবিন গার্গের মৃত্যু নিয়ে আসামের মুখ্যমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য

ভারতের বরেণ্য সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে জুবিনের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে আসামের পুলিশ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশে গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট) মামলার তদন্ত চালাচ্ছে।

চার্জশিট জমার সময়কাল নির্ধারণের আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে জুবিনের রহস্যমৃত্যুকে দুর্ঘটনা বলা হবে না। ডিসেম্বরের ১৭ তারিখের মধ্যে জুবিন গার্গের ‘খুন’-এর চার্জশিট জমা দিতে হবে। আমি ৮ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে বলেছি এবং আমরা সবদিক থেকে প্রস্তুত।

মুখ্যমন্ত্রী আরও বলেন, বিদেশে ঘটিত কোনো ঘটনায় চার্জশিট দাখিলের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। গতকাল আমি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিষয়টি জানিয়েছি, যাতে দ্রুত অনুমোদন পাওয়া যায়। অনুমোদন পেলে ৮, ৯ বা ১০ ডিসেম্বর চার্জশিট দাখিল করা হবে।

জুবিনকে ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সেন্ট জন’স দ্বীপ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। প্রাথমিক ময়নাতদন্তে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয় ডুবে যাওয়া।

তবে আসাম প্রশাসন এই প্রতিবেদনের সঙ্গে একমত নয়। আসামের পুলিশ খুন মামলা দায়ের করেছে। এরই মধ্যে জুবিনের টিমের ড্রামার শেখর জ্যোতি গোস্বামী, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, আয়োজক শ্যামকানু মহন্ত ও গায়িকা অমৃতপ্রভ মহন্তসহ আরও এক কাজিনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত এখনও চলছে, এবং চার্জশিট জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

This post was viewed: 37

আরো পড়ুন