Ridge Bangla

এটাই হয়তো আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই হতে পারে তার জীবনের শেষ নির্বাচন। মঙ্গলবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক আবেগঘন পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। এজন্য আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও দলের সকল নেতা-কর্মীর প্রতি কৃতজ্ঞ।

রাজনীতিতে নিজের দীর্ঘ পথচলার স্মৃতি টেনে মির্জা ফখরুল বলেন, “আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, তাদের সবারই অনেক গল্প আছে। ১৯৮৭ সালে রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নিই—তখন আমার মেয়েরা খুব ছোট, স্ত্রীও ছিলেন তরুণী। জানতাম না কতটা অনিশ্চিত জীবনের পথে পা বাড়াচ্ছি।”

তিনি আবেগের সঙ্গে যোগ করেন, “আমার মেয়েদের হাত ধরে স্কুলে নিয়ে গেছেন স্ত্রী, চিকিৎসার সময় থেকেছেন পাশে। একবার বড় মেয়ের অপারেশনের সময় আমি ঢাকার পথে গাড়িতে রাত কাটিয়েছিলাম, যেন পাশে থাকতে পারি। এমন গল্প শুধু আমার নয়, আমাদের হাজার হাজার নেতা-কর্মীর।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন। যারা এবার মনোনয়ন পাননি, হতাশ হবেন না। দল ইনশাআল্লাহ আপনাদের সম্মান ও দায়িত্ব দেবে।”

শেষে তিনি দলীয় নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমরা সবাই মিলে দেশের মানুষের পাশে থাকব। বিএনপি দেশকে মর্যাদার সঙ্গে এগিয়ে নেওয়ার যোগ্যতা রাখে। ইনশাআল্লাহ, বাংলাদেশ জিন্দাবাদ।”

This post was viewed: 46

আরো পড়ুন