বাংলাদেশ সরকারের কাছে প্রাপ্য বকেয়া বিল পরিশোধ না হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে ভারতের আদানি পাওয়ার লিমিটেড। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১০ নভেম্বরের মধ্যে বকেয়া না মেটালে ১১ নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও বিদ্যুৎ বিভাগের সূত্র জানায়, অক্টোবরের শেষ দিকে আদানি পাওয়ারের হেড অব এনার্জি রেগুলেটরি অ্যান্ড কমার্শিয়াল অভিনাশ অনুরাগ পিডিবির চেয়ারম্যানের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠান। ওই চিঠিতে বলা হয়, ৪৯৬ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৪৯ কোটি ৬০ লাখ ডলার বকেয়া থাকা সত্ত্বেও বাংলাদেশ এখনো পরিশোধ করেনি। এর মধ্যে পিডিবি নিজেরাই ২৬২ মিলিয়ন ডলার বকেয়া স্বীকার করেছে বলেও উল্লেখ করা হয়।
চিঠিতে আরও বলা হয়েছে, একাধিকবার অনুরোধ ও যোগাযোগ সত্ত্বেও বিল পরিশোধ না করায় আদানি পাওয়ার ২০১৭ সালের পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (পিপিএ)-এর ধারা ১৩.২ (i) ও (ii) অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার আইনি অধিকার রাখে।
কোম্পানিটি আরও জানিয়েছে, সরবরাহ বন্ধ থাকলেও কেন্দ্রের নির্ভরযোগ্য সক্ষমতা এর ভিত্তিতে তারা ক্ষমতা চার্জ বা ক্যাপাসিটি পেমেন্ট পাওয়ার অধিকারী থাকবে।
এদিকে পিডিবি সূত্র জানিয়েছে, আদানির সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তির বৈধতা বর্তমানে তদন্তাধীন। গত সরকারের সময় রাজনৈতিক প্রভাবে একতরফা চুক্তি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে উচ্চ আদালতে একটি রিট মামলা বিচারাধীন, যার নির্দেশে তদন্ত চলছে। তদন্তে পাওয়া তথ্য-প্রমাণ আদালতে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পিডিবি, যা ভবিষ্যতে আদানিকে দেশি-বিদেশি আদালতে জবাবদিহিতে বাধ্য করতে পারে।