Skip to main content

Ridge Bangla

টেলিগ্রামে ১০৮টি পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, ব্যবস্থা নিতে বিটিআরসির চিঠি

বাংলাদেশে টেলিগ্রাম অ্যাপে সক্রিয় ১০৮টি পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এসব চ্যানেলে অনুমতি ছাড়া অশ্লীল ও যৌন উদ্দীপক ছবি-ভিডিও ছড়ানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি আমলে নিয়ে চ্যানেলগুলো দ্রুত বন্ধ বা অপসারণের অনুরোধ জানিয়ে টেলিগ্রাম কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

বিটিআরসি জানিয়েছে, শনাক্ত করা চ্যানেলগুলোতে প্রাপ্তবয়স্ক পর্নোগ্রাফি ও যৌন কার্যকলাপের ভিডিও প্রচার করা হচ্ছিল, যা সমাজের নৈতিক মূল্যবোধ ক্ষুণ্ণ করছে এবং দেশের বিদ্যমান আইন ভঙ্গ করছে। কমিশনের মতে, এসব কনটেন্ট ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ২০২৫ সালের সাইবার নিরাপত্তা অধ্যাদেশের বিভিন্ন ধারা লঙ্ঘন করেছে।

চিঠিতে বিটিআরসি উল্লেখ করেছে, অনলাইন কনটেন্ট ব্লক, সীমিত করা বা অপসারণের একমাত্র কর্তৃত্ব তাদের হাতে। সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ২০২৫-এর ধারা ৮(১) অনুযায়ী সামাজিক মূল্যবোধ বা জননিরাপত্তা ক্ষুণ্ণকারী কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা কমিশনের রয়েছে।

বিটিআরসি কর্মকর্তারা জানান, অনলাইনে পর্নোগ্রাফি, জুয়া, প্রতারণা ও ঘৃণাসূচক কনটেন্ট রোধে তাদের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এর আগে ফেসবুক, ইউটিউব, টিকটক ও এক্স কর্তৃপক্ষকেও অনুরূপ কনটেন্ট অপসারণের অনুরোধ জানানো হয়েছিল।

সম্প্রতি ১৯ অক্টোবর ঢাকার একটি আদালত টেলিগ্রামে পর্নোগ্রাফি সংশ্লিষ্ট গ্রুপ ও অর্থ লেনদেনকারী প্রতারক চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, এসব চ্যানেলের মাধ্যমে ব্যক্তিগত ভিডিও ও ছবি বিক্রি করে নারীদের হয়রানি করা হচ্ছিল। অনেক সময় আংশিক ভিডিও দেখিয়ে টাকা নেওয়ার ফাঁদও পাতা হতো।

This post was viewed: 61

আরো পড়ুন